রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ গুড়, রাজশাহীতে ভেজাল কারবার
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুরের গুড়। চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, আটা, কাপড়ের রং, রাসায়নিক পদার্থ ও কৃত্রিম সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে বিপুল পরিমাণ গুড়। রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলায় দেড় শতাধিক কারখানায় চলছে এই ভেজাল গুড় উৎপাদনের কারবার। এসব কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে শত শত মণ গুড়, যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বাজারে। এতে একদিকে প্রতারিত হচ্ছেন ভোক্তারা, অন্যদিকে হুমকির মুখে পড়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম।
শীত মৌসুম এলেই রাজশাহীর বিভিন্ন এলাকায় শুরু হয় খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি। তবে এবার খেজুরের রসের পরিবর্তে বিভিন্ন উপকরণ ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে খেজুরের গুড় তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মৌসুমি ব্যবসায়ীরা কারিগর নিয়োগ দিয়ে এসব কারখানা চালু করছেন। রাতারাতি তৈরি করা হচ্ছে বিপুল পরিমাণ গুড়। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান ও জরিমানা করা হলেও বন্ধ হচ্ছে না এই কারবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা; বাঘার আড়ানী, রুস্তুমপুর, বাউসা ও মনিগ্রাম এবং পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকায় এসব কারখানার বিস্তার ঘটেছে। প্রতিটি কারখানায় এক রাতেই ২০০ থেকে ৩০০ কেজি পর্যন্ত গুড় তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা গ্রামে এবং ১৩ নভেম্বর রুস্তুমপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এর আগে চারঘাটের মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে আরও তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানও ধ্বংস করা হয়।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট খেজুরগাছ রয়েছে ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর মধ্যে চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি, পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি এবং বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি। অর্থাৎ জেলার প্রায় তিন-চতুর্থাংশ খেজুরগাছ রয়েছে এই তিন উপজেলায়। তবে প্রতিবছরই খেজুরগাছের সংখ্যা কমছে।
অন্যদিকে খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন ও বাজারজাতের পরিমাণ বাড়ছে অস্বাভাবিক হারে। এই তিন উপজেলাসংলগ্ন পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর অন্যতম বড় খেজুরের গুড়ের হাট। প্রতিদিন সেখানে প্রায় ১০০ থেকে ১১০ টন গুড় কেনাবেচার জন্য আসে। সপ্তাহে দুদিন বড় হাটের দিনে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ থেকে ১৫০ টনে।
এ ছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছী, বাঘার বিনোদপুর, মনিগ্রাম ও আড়ানী এবং পুঠিয়ার ঝলমলিয়া হাটেও প্রতিদিন বিপুল পরিমাণ গুড় কেনাবেচা হয়। ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভ্যান, নসিমনসহ বিভিন্ন যানবাহনে গুড় নিয়ে আসেন ব্যবসায়ীরা।
সরেজমিনে চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকটি স্থানে প্রকাশ্যেই চলছে ভেজাল গুড় তৈরির কার্যক্রম। বড় টিনের কড়াইয়ে প্রথমে ভারতীয় অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। এরপর এতে মেশানো হয় আটা, খেজুরের গুড়ের নির্যাস, হোটেলের মিষ্টির ঝোল, কাপড়ের রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। পরে ঠান্ডা করে নির্দিষ্ট আকারে তৈরি করা হয় খেজুরের গুড় হিসেবে বিক্রির উপযোগী পণ্য। অথচ এসব গুড় তৈরিতে খেজুরের রস ব্যবহার করা হয় না।
প্রকৃত খেজুরের গুড় উৎপাদনের সঙ্গে যুক্ত কারিগরদের ভাষ্য, প্রাকৃতিক বিভিন্ন কারণে আগের তুলনায় খেজুরগাছে রসের পরিমাণ কমে গেছে। ফলে খাঁটি গুড় উৎপাদন করাও কঠিন হয়ে পড়েছে। উৎপাদন বাড়াতে কোনো কোনো চাষি রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। এতে গুড়ের স্বাদ কিছুটা বজায় থাকে।
এ ধরনের গুড় অনলাইন বিক্রেতারা কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা দরে কিনে বাজারজাত করেন। বিপরীতে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি গুড় বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকায়।
চারঘাটের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ভেজাল গুড়ে রাসায়নিক ফ্লেভার ব্যবহার করায় এর ঘ্রাণ প্রকৃত গুড়ের চেয়েও বেশি হয়। অথচ আসল গুড় তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। বড় আড়তদারেরা কারখানার মালিকদের অগ্রিম টাকা দিয়ে শত শত মণ রাসায়নিক গুড় তৈরি করাচ্ছেন। এ কারণে বাজার থেকে প্রকৃত খেজুরের গুড় হারিয়ে যেতে বসেছে।
বাঘার মীরগঞ্জ এলাকার খেজুরগাছি রফিকুল ইসলাম বলেন, খেজুরের গুড়ের আগের সেই স্বাদ ও গন্ধ এখন আর পাওয়া যায় না। কারখানাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাঁরা অনেক কষ্ট করে ১০ কেজি গুড় তৈরি করেন। অথচ কারখানাগুলোতে প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় উৎপাদন করা হচ্ছে। প্রশাসন অভিযান চালানোর পরও পরদিন আবার কারখানা চালু হয়ে যায়। তাঁর উৎপাদিত গুড় অনলাইন বিক্রেতারা বাড়ি থেকে এসে কিনে নিয়ে যান।
রাজশাহীর খেজুরের গুড়ের পরিচিতি একসময় দেশের বিভিন্ন অঞ্চলে ছিল। তবে ভেজাল পণ্যের বিস্তারে সেই সুনাম এখন প্রশ্নের মুখে পড়েছে।
অনলাইনে অর্গানিক গুড় বিক্রেতা ওবাইদুর রহমান রিগেন বলেন, গত সাত বছর ধরে তিনি অনলাইনে গুড় বিক্রি করছেন। আগে রাজশাহীর নাম শুনলেই ক্রেতারা গুড় কিনতে আগ্রহী হতেন। কিন্তু ভেজাল গুড়ের কারণে প্রতারিত হয়ে অনেক ক্রেতাই এখন আগ্রহ হারাচ্ছেন।
তিনি বলেন, চাষিদের সঙ্গে চুক্তি করে প্রকৃত খেজুরের রস থেকে গুড় তৈরি করিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু বাজারে ভেজাল গুড়ের দাম কম হওয়ায় অনেক ক্রেতা বেশি দামে আসল গুড় কিনতে চান না।
পুঠিয়ার বানেশ্বর বাজারের পাইকারি গুড় ব্যবসায়ী মাসুদ রানা বলেন, তাঁরা পাইকারি দামে গুড় কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে ভেজাল গুড় উৎপাদনের কারণে রাজশাহীর কোটি কোটি টাকার গুড়ের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে।
তিনি জানান, বাধ্য হয়ে কিছু কারখানার মালিকের সঙ্গে তাঁরাও চুক্তি করেছেন। এসব কারখানা থেকে কম দামে গুড় সরবরাহ করা হয়। তবে সেগুলো কী উপাদান দিয়ে তৈরি হচ্ছে, তা তিনি জানেন না। এভাবে ভেজাল গুড়ের উৎপাদন চলতে থাকলে রাজধানীসহ দেশের বড় বাজারগুলোতে রাজশাহীর গুড়ের গ্রহণযোগ্যতা কমে যাবে।
ভেজাল গুড়ে অননুমোদিত রাসায়নিক ও রং ব্যবহারের কারণে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, গুড়ের সঙ্গে কোনো ধরনের অননুমোদিত উপাদান মেশানো উচিত নয়। রাসায়নিক মিশ্রিত গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
বিশেষ করে শিশুদের খাবারে এ ধরনের গুড় ব্যবহার করা হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘদিন ক্ষতিকর উপাদানের সংস্পর্শে থাকলে কিডনি, হৃদ্যন্ত্র ও লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন বেড়েছে। বিভিন্ন কারখানায় নিম্নমানের সাদা ও লাল অপরিশোধিত চিনি এবং চিটাগুড় ব্যবহার করা হচ্ছে। এতে গুড়ের গুণগত মান নষ্ট হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত উৎপাদকেরা। এভাবে চলতে থাকলে এ অঞ্চলের খেজুরের গুড়ের ঐতিহ্য ও সুনাম নষ্ট হয়ে যাবে।
বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, কারখানাগুলোতে খেজুরের গুড় তৈরি করা হলেও তাতে এক ফোঁটা খেজুরের রস ব্যবহার করা হচ্ছে না। অভিযান চালিয়ে কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি জব্দ করা গুড়ও ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় খেজুরের গুড়ে ভেজাল মেশানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় কৃষক, খেজুরগাছি ও ব্যবসায়ীদের আশঙ্কা, এখনই ভেজাল গুড় উৎপাদনের কারখানাগুলো নিয়ন্ত্রণ করা না গেলে রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের বাজার ও সুনাম হারিয়ে যাবে। একই সঙ্গে কম দামে তৈরি ভেজাল গুড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রকৃত উৎপাদকেরা এ পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন।
তাঁদের দাবি, শুধু কারখানায় অভিযান ও জরিমানা করলেই হবে না। ভেজাল গুড় তৈরির কাঁচামাল সরবরাহকারী, কারখানার মালিক এবং বাজারজাতকারীদের শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রকৃত খেজুরের গুড় উৎপাদনকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
১২৯ বার পড়া হয়েছে