সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে খেজুরের রস সংগ্রহ, বাড়ছে আয়ের সম্ভাবনা

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শীতের আগমনে দিনাজপুরের গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের মৌসুম। ভোরের কুয়াশা উপেক্ষা করে গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন রস সংগ্রহে। টাটকা রস বিক্রির পাশাপাশি তা দিয়ে তৈরি হচ্ছে পাটালি ও ঝোলা গুড়। একদিকে গ্রামীণ ঐতিহ্য টিকে আছে, অন্যদিকে কৃষক ও গাছিদের জীবিকায় যুক্ত হচ্ছে নতুন আয়ের সম্ভাবনা। পরিকল্পিতভাবে খেজুরগাছ বাড়ানো গেলে এ খাত জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

শীতের সকালে গ্রামবাংলার পরিচিত দৃশ্য খেজুরগাছের ডগায় ঝুলে থাকা মাটির হাঁড়ি। রাতভর ফোঁটায় ফোঁটায় হাঁড়িতে জমে মিষ্টি রস। ভোর হলেই গাছিরা গাছ থেকে হাঁড়ি নামিয়ে রস সংগ্রহ করেন। এরপর শুরু হয় রস বিক্রি ও গুড় তৈরির আয়োজন। দিনাজপুরের গ্রামাঞ্চলে এখন এমনই ব্যস্ততা। খেজুরের রস ঘিরে স্থানীয় মানুষের আগ্রহের পাশাপাশি তৈরি হয়েছে মৌসুমি কর্মসংস্থানের সুযোগ।

রাজশাহীর বাগমারা থেকে দিনাজপুরে এসে ৩৩ বছর ধরে শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ করছেন গাছি মো. মন্টু আলী। জীবিকার প্রয়োজনে প্রতিবছর শীতের শুরুতে তিনি দিনাজপুরে আসেন। কোমরে রশি বেঁধে খেজুরগাছে উঠে ছাল কেটে নলি বসান। এরপর রাতভর হাঁড়িতে জমে রস। বছরের পর বছর এ কাজ করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। তাঁর মতো অনেক গাছি ও রস বিক্রেতার আয়ের উৎস এই মৌসুমি পেশা।

অন্যদিকে শীতের সকালে টাটকা খেজুরের রস বিক্রি করছেন শমসের আলী। তাঁর কাছ থেকে রস কিনতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একজন দিনাজপুরের বাহাদুরবাজার এলাকার আজমত হোসেন। খেজুরের রস পান করতে এসে তিনি জানান, এই রসের স্বাদের সঙ্গে জড়িয়ে আছে গ্রামবাংলার ঐতিহ্য ও শৈশবের স্মৃতি।

তবে সময়ের সঙ্গে কমে যাচ্ছে খেজুরগাছের সংখ্যা। ফলে আগের তুলনায় রস সংগ্রহের পরিমাণ ও পরিসরও সংকুচিত হচ্ছে। যদিও রস থেকে গুড় তৈরি করে বিক্রি করায় গাছি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বাড়তি আয়ের সুযোগ রয়েছে।

কৃষি গবেষণা ও মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, একটি সুস্থ ও প্রাপ্তবয়স্ক দেশি খেজুরগাছ থেকে শীতের প্রায় তিন মাসে গড়ে ১২০ থেকে ১৫০ লিটার রস পাওয়া যায়। এই রস দিয়ে তৈরি করা হয় পাটালি ও ঝোলা গুড়। ফলে খেজুরগাছ কেবল গ্রামীণ ঐতিহ্যের অংশ নয়, এটি কৃষক, গাছি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ উৎস।

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বর্তমানে আনুমানিক সাত শতাধিক খেজুরগাছ থেকে রস সংগ্রহ ও গুড় উৎপাদন করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, খেজুরের রস ও গুড় তৈরির ঐতিহ্য ধরে রাখতে হলে গাছের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

খেজুরের রস পুষ্টিগুণসমৃদ্ধ হলেও কাঁচা রস পান করা নিয়ে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। বিশেষ করে বাদুড়ের সংস্পর্শে আসা কাঁচা রস থেকে নিপাহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। এ কারণে কাঁচা রস পান না করে ভালোভাবে ফুটিয়ে বা জ্বাল দিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাঃ তানভীর হাসানত রবিনও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে দিনাজপুর জেলায় মোট কতটি খেজুরগাছ রয়েছে, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান কৃষি বিভাগের কাছে নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন জানান, জেলার খেজুরগাছের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব না হলেও এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। গাছের সংখ্যা বাড়াতে কৃষি বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

খেজুরগাছের সম্ভাবনা শুধু দিনাজপুরেই সীমাবদ্ধ নয়। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এটি জাতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। দেশের প্রায় চার লাখ কিলোমিটার সড়ক নেটওয়ার্কের উপযোগী অংশের দুই পাশে ১০ লাখ খেজুরগাছ রোপণ করা সম্ভব হলে বড় পরিসরে রস ও গুড় উৎপাদনের সুযোগ তৈরি হবে।

হিসাব অনুযায়ী, প্রতিটি গাছ থেকে মৌসুমে গড়ে ১২০ লিটার রস পাওয়া গেলে ১০ লাখ গাছ থেকে মোট রস উৎপাদনের পরিমাণ দাঁড়াবে প্রায় ১২ কোটি লিটার। গবেষণালব্ধ উৎপাদন অনুপাত অনুসারে, এই রস থেকে প্রায় ১ কোটি ৮০ লাখ কেজি গুড় তৈরি করা সম্ভব। প্রতি কেজি গুড়ের পাইকারি মূল্য ১৫০ থেকে ২০০ টাকা ধরে সম্ভাব্য বাজারমূল্য দাঁড়াতে পারে ২৭০ থেকে ৩৬০ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, এই সম্ভাবনা কাজে লাগাতে হলে পরিকল্পিতভাবে খেজুরগাছ রোপণ ও বিদ্যমান গাছ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি উন্নত পদ্ধতিতে রস সংগ্রহ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কার্যকর বাজারজাতকরণব্যবস্থা গড়ে তোলা জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষিত হবে, অন্যদিকে বাড়বে কর্মসংস্থান ও মানুষের আয়ের সুযোগ।

শীতের সকালে খেজুরগাছের হাঁড়িতে জমে থাকা রস তাই শুধু মৌসুমি সুস্বাদু পানীয় নয়। যথাযথ পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এই ঐতিহ্যকে গ্রামীণ অর্থনীতির একটি সম্ভাবনাময় খাতে পরিণত করা সম্ভব।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০