মুন্সীগঞ্জে যুব উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
যুব প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ‘যুবদের উদ্বুদ্ধকরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবর্তনশীল বিশ্ব শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। যেসব তরুণ-তরুণী শিক্ষার মূলধারা থেকে পিছিয়ে পড়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে কার্যকর ভূমিকা রাখছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে পরিবার ও পরিচিতদের অবহিত করে আরও বেশি তরুণকে এই কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে অধিদপ্তরের বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
২৪৪ বার পড়া হয়েছে