কুয়াকাটায় অনুমোদনহীন ‘ইস্তাম্বুল’ প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বহুল আলোচিত ‘ইস্তাম্বুল’ হোটেল প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে প্রকল্প এলাকায় নিষেধাজ্ঞা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। বিধি বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্রকল্প এলাকায় একটি নিষেধাজ্ঞা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। ব্যানারটিতে সতর্ক করে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নির্মাণ কার্যক্রম চালানোয় নির্দেশক্রমে তা বন্ধ ঘোষণা করা হলো এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক নিশ্চিত করেছেন যে, বরিশাল বিভাগীয় কমিশনারের অনুমোদন না থাকা এবং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২ লঙ্ঘন করে ভবন নির্মাণ করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া কুয়াকাটার মাস্টারপ্ল্যানে লতাচাপলী মৌজার এসএ ২৯২ নং খতিয়ানের প্রায় ২১ একর ৬৬ শতক জমি রেলওয়ে স্থাপনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
বর্তমানে বিএস জরিপে এ জমি কুয়াকাটা পৌরসভার আওতাভুক্ত, যেখানে ইতোমধ্যেই প্রায় ছয় একর ভূমির বাউন্ডারি দেয়ালসহ উন্নয়নমূলক কাজ চালানো হয়েছিল। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর তত্ত্বাবধানে এ নির্মাণকাজ চলছিল। তবে উক্ত জমির মালিকানা দাবি করে স্থানীয় এক রাখাইন অধিবাসী আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে।
১১৫ বার পড়া হয়েছে