পশুর নদীতে অন্য জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই কার্গোডুবি
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের সুন্দরী কোঠা এলাকায় অন্য একটি কার্গো জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী পশুর নদীতে ডুবে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা নাবিক ও কর্মীরা সাঁতরে অন্য একটি জাহাজে উঠতে সক্ষম হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
সুন্দরবনের সুন্দরী কোঠা এলাকায় অন্য একটি কার্গো জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী ডুবে গেছে। জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন বা পরিচালনাধীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হিরণপয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল এমভি ফুলবাড়ী। পথে সুন্দরবনের সুন্দরী কোঠা-সংলগ্ন এলাকায় পৌঁছালে এমভি জান্নাতুল ফেরদৌস নামের আরেকটি কার্গো জাহাজ সেটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পরপরই কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী পশুর নদীতে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা নাবিক ও কর্মীরা দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পেছনে থাকা অন্য একটি কার্গো জাহাজে ওঠেন। এতে তাঁরা প্রাণে রক্ষা পান।
দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া কার্গো জাহাজটির ক্ষয়ক্ষতি এবং নদীতে কয়লা ছড়িয়ে পড়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
১৪৪ বার পড়া হয়েছে