মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার তাঁদের এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তারের পর তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের দোষী সাব্যস্ত করেন।
প্রতিবেদনে বলা হয়, অপরাধের ভয়াবহতা এবং স্থান ও কালের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত ‘বিবেচনামূলক শাস্তি’র আওতায় তাঁদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে আপিলেও এই রায় বহাল থাকে। এরপর সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এবং ইসলামি আইন কঠোরভাবে প্রয়োগ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার চেষ্টা করলে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।
১৫৪ বার পড়া হয়েছে