উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৯টার পর শুরু হওয়া অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে বেলা ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৯টার পর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
রেজাউল করিম বলেন, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাঁরা বিচ্ছিন্নভাবে নিজেদের দাবিদাওয়ার কথা বলছিলেন। তবে আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি ছিলেন না। একপর্যায়ে তাঁরা যান চলাচল বন্ধ করে দেন। পরে গাড়িতে হামলা ও পুলিশকে লক্ষ্য করে ধাওয়া করার ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ধাওয়া করে এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য মজুরি বাড়ানো প্রয়োজন।
শ্রমিকদের অভিযোগ, তাঁদের দাবিগুলো পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে বারবার সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে।
এর আগে গত সোমবার ও বুধবারও একই দাবিতে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করেছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার সকালে শুরু হওয়া অবরোধের কারণে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার আবারও সড়কে অবস্থান নেন তাঁরা।
১৪১ বার পড়া হয়েছে