চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল উদ্ধার
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। রোববার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের একটি খড়ের স্তূপ থেকে এসব উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর রঘুনাথপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত রেখা থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে স্থানীয় একটি বাড়ির সামনে পরিত্যক্ত খড়ের স্তুপে কালো রঙের একটি বালতি দেখতে পান সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
বালতিটি তল্লাশি করে ভেতরে ককটেল সদৃশ বস্তুগুলোর উপস্থিতি টের পেয়ে দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় শিবগঞ্জ থানা পুলিশকে। পরবর্তীতে পুলিশ ও বিজিবির যৌথ দল অত্যন্ত সতর্কতার সঙ্গে বালতির ভেতর থেকে একে একে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ করে।
উদ্ধারকৃত এই সন্দেহভাজন বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয়করণ ও পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য রোববার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখতে তৎপর রয়েছে প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
১২২ বার পড়া হয়েছে