ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি জামালপুরে শোকের মাতম
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। নিহত সাতজনের বাড়িই জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে। তাঁদের মধ্যে একই পরিবারের শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ চারজন রয়েছেন। এ ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনেরা দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।
ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হওয়ার ঘটনায় জামালপুরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পাঁচজন এবং শরীফপুর ইউনিয়নের দুজন রয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তাঁর মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা, মর্জিনার ছেলে শিশু মিনান এবং বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী। শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামের আক্রাম আলী ও তাঁর স্ত্রী মমতা বেগমও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতদের স্বজনেরা জানান, পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু স্ত্রী ও এক ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে গাজীপুর জেলার হুতাপাড়া এলাকায় বসবাস করছিলেন। মা ও বিবাহিত মেয়েকে গাজীপুরের বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গতকাল তিনি বাড়িতে আসেন।
বেলা সাড়ে ১১টার দিকে মা রাশিদা বেগম, অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা ও মর্জিনার ছেলে শিশু মিনানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন লেবু। নান্দিনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রথমে ময়মনসিংহ যাওয়ার কথা ছিল তাঁদের। পরে সেখান থেকে বাসে করে গাজীপুর যাওয়ার পরিকল্পনা ছিল। তবে পথেই দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
একই পরিবারের চারজনের এমন করুণ মৃত্যুতে শোকাহত স্বজন ও স্থানীয়রা। দুর্ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
নিহত মোফাজ্জল হোসেন লেবুর ছোট ভাই মোবারক হোসেন জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহগুলো নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। আগামীকাল সকাল ১০টায় নিজ নিজ বাড়িতে জানাজা হওয়ার কথা রয়েছে।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ মাসে রাজীব পরিবহনের বাসের কারণে নয়টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।
১২৪ বার পড়া হয়েছে