গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রিশাতলা এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রিপন বেপারী (৪০)। তিনি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে নিশ্চিত করা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিপন বেপারী নিজের বাইসাইকেলে চড়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। রক্তাক্ত অবস্থায় রিপনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটিকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।
১০৬ বার পড়া হয়েছে