রাড্ডা সেন্টার ভাঙচুরে বিএনপির কেউ জড়িত হলে ব্যবস্থা: ডা. জাহেদ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তির বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, চুক্তিটি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে যাবে।
তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। কোনো দেশের শর্ত বা চাপের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না।
বোয়িং বা এয়ারবাস কেনার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বোয়িং কিংবা এয়ারবাস কিনলে তা দেশের প্রয়োজন বিবেচনা করেই কিনবে।
এ সময় দেশে এলপিজি সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে ডা. জাহেদ উর রহমান দাবি করেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা।
সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা এ নিশ্চয়তা দেন বলে জানান তিনি।
১০৯ বার পড়া হয়েছে