সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে গোসলে নেমে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার স্লুইসগেটে

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া বেলি বিবি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নন্দাহার খালের স্লুইসগেটের পানি থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের ধারণা, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বেলি বিবি উপজেলার আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী। শুক্রবার ভোরে আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় মাছ ধরতে যান বিপ্লব নামের এক স্থানীয় যুবক। এ সময় তিনি খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসেন। পরে লোকজন এসে ভাসমান লাশটি নিখোঁজ বেলি বিবির বলে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে বেলি বিবি বাড়ির পাশে নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করার উদ্দেশ্যে বের হন। দীর্ঘ সময় পরও তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। তবে খালের পাড়েই পড়ে ছিল তাঁর ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা।

নিহতের ভাগনে হেলাল খান জানান, তাঁর মামি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গোসল করতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আর পানি থেকে উঠতে পারেননি এবং পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০