মুন্সীগঞ্জে সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জমকালো নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা তাদের বৈচিত্র্যময় পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলেন। নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক ধারায় উজ্জীবিত করতে এই বিশেষ আয়োজন করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধারণ নৃত্য, লোকনৃত্য ও দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে নৃত্যশিল্পীরা বাংলার লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও নৃত্যকলার নান্দনিক রূপ মঞ্চে ফুটিয়ে তোলেন। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে।
দুই দশকের পথচলায় সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদ মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নৃত্যচর্চা ও নতুন শিল্পীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দীর্ঘ ২০ বছর ধরে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেওয়ার স্বীকৃতিস্বরূপ এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি সংগঠনটির পথচলায় এক নতুন মাত্রা যোগ করেছে।
অনুষ্ঠানে জেলা নৃত্যশিল্পী পরিষদের সভাপতি সুমি আক্তার বলেন, নৃত্য শুধু নিছক বিনোদনের মাধ্যম নয়; এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আবেগের শৈল্পিক বহিঃপ্রকাশ। লোকনৃত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলার মাটি ও মানুষের সংস্কৃতি পৌঁছে দেওয়ার পাশাপাশি আমাদের আদি ঐতিহ্যকে ধরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী। এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, আনমনা প্রাঙ্গণের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা এবং সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী মুন্নাসহ স্থানীয় সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
১৭৪ বার পড়া হয়েছে