সর্বশেষ

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ বললেন মামদানি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করে তাঁকে গ্রেপ্তারের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক সিটিতে বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি আবারও জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান করা উচিত। তাঁর মতে, আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ থাকতে পারেন না।

গ্র্যাসি ম্যানশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছে বলেও জানান মামদানি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

মামদানি বলেন, নেতানিয়াহুকে তিনি ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে মনে করেন। আইসিসি যদি কাউকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করে, তাহলে সেই ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা মামদানি কয়েক মাস ধরেই বলে আসছিলেন। তবে গত জুলাইয়ে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটি সরকারের কাছে আইসিসির ওই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা নেই। তাঁর প্রশাসনের আইনি পর্যালোচনার পর এ অবস্থান স্পষ্ট হয়।

এ কারণে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরোধিতায় পরিকল্পিত কোনো বিক্ষোভ কর্মসূচিতেও তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন। এদিকে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।

এর আগে ট্রাম্প ও মামদানির দ্বিপক্ষীয় বৈঠকে রাজনৈতিক মতপার্থক্যের বাইরে অভিবাসন আইন প্রয়োগ এবং এক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়াদের সূচনাকে প্রশংসা করেন এবং আশাবাদ প্রকাশ করেন। অন্যদিকে, নিউইয়র্কের বাসিন্দাদের সুবিধার জন্য প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার কথা জানান মামদানি।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০