সাটুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষি জমির ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় আইন লঙ্ঘন করে তিন ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের খবর পায় স্থানীয় উপজেলা প্রশাসন। এই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের সত্যতা হাতেনাতে প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত মুজিবুর রহমানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মুজিবুর রহমান স্থানীয় আকাশী পূর্বপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজার ও বালু খেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে