চার দিনে ভরিতে প্রায় ১৬ হাজার টাকা কমল স্বর্ণের দাম
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে চার দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সর্বশেষ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।
এর আগে ২৯ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছিল। তখন নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
এর দুই দিন পর, ৩১ আগস্ট দ্বিতীয় দফায় দাম কমানো হয়। ওই দফায় প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
সবশেষ বুধবার আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। ফলে ২৯ আগস্টের আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা থেকে কমে এখন ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় দাঁড়িয়েছে।
অর্থাৎ, মাত্র চার দিনের ব্যবধানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা।
এদিকে নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯০ হাজার ২৪৬ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৬৬৭ টাকা।
স্বর্ণের এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে প্রযোজ্য হবে।
১২১ বার পড়া হয়েছে