কুয়াকাটায় পর্যটন কার্নিভাল: টানা ছুটিতে সৈকতে লাখো পর্যটক
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা পাঁচ দিনের সরকারি ছুটি ও দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের জিরো পয়েন্টসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে, যার ফলে শতভাগ বুকিং হয়ে গেছে স্থানীয় হোটেল-মোটেলগুলো।
সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভোর থেকেই পর্যটকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সমুদ্রের ঢেউয়ে মেতে ওঠার পাশাপাশি পরিবার ও বন্ধুদের সাথে রঙিন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে দেখা যায় হাজারো মানুষকে। অনেকেই আবার বিচ বাইক ও ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন সৈকতজুড়ে।
জিরো পয়েন্টের পাশাপাশি পর্যটকদের বাড়তি আকর্ষণ ছিল গঙ্গামতি, ঝাউবন, শুঁটকি পল্লি ও লেম্বুর বন। দূর-দূরান্ত থেকে আসা মানুষের সরব উপস্থিতিতে দারুণ জমজমাট হয়ে উঠেছে কুয়াকাটার রেস্তোরাঁ ও পর্যটননির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ ছুটিকে ঘিরে পর্যটকদের এই আগমনে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাড়তি আশার সঞ্চার হয়েছে।
তবে ভ্রমণের আনন্দ উপভোগের পাশাপাশি কিছু ভোগান্তির অভিযোগও তুলেছেন কয়েকজন পর্যটক। তাঁদের দাবি, হোটেল ভাড়া ও খাবারের দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। পর্যটনসেবার মান বজায় রাখতে এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে প্রশাসনের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে কার্নিভাল ও ছুটি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। পুরো সৈকত এলাকায় আট শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১০৯ বার পড়া হয়েছে