মুন্সীগঞ্জে সনাকের অভিজ্ঞতা বিনিময় সভা: দুর্নীতিবাজ বয়কটের আহ্বান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এই সভায় তরুণ ও তৃণমূল প্রতিনিধিদের পক্ষ থেকে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার জোরালো আহ্বান জানানো হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনাকের তত্ত্বাবধানে পরিচালিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর শতাধিক সদস্য অংশ নেন। বক্তারা বিভিন্ন সেবাখাতের মানোন্নয়নে নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার দাবি জানান।
সনাক সহ-সভাপতি মুহাম্মদ নুরুন্নবী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। তিনি বলেন, টেকসই দুর্নীতিবিরোধী আন্দোলন গড়ে তুলতে তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সভায় সনাক সদস্য ইলিয়াস খান, বিকাশ রায়, শাহনাজ বেগম এবং টিআইবি ঢাকা ক্লাস্টারের কোঅর্ডিনেটর মোঃ মাহান উল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উন্মুক্ত আলোচনা পর্বে ইয়েস ও বিভিন্ন এসিজি গ্রুপের প্রতিনিধিরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তারা নাগরিক অধিকার রক্ষায় ও সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। কর্মসূচি শেষে সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট পাপিয়া আক্তার সবাইকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। সবশেষে সদস্যদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১৯৬ বার পড়া হয়েছে