শৃঙ্খলা ভঙ্গ করায় রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণের অভিযোগে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত শুক্রবার এক প্রস্তুতি সভায় থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষিতে মহানগর নেতৃত্ব এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
রাজশাহী মহানগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সভা চলাকালে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের বক্তব্য চলাকালে একটি পূর্ববর্তী ঘটনার বিচার দাবি করেন।
তখন পরিস্থিতি শান্ত রাখতে মহানগর সাধারণ সম্পাদক রিটন তাকে সভা শেষে বিষয়টি নিয়ে বিস্তারিত বসার আশ্বাস দেন। কিন্তু রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এতে শান্ত না হয়ে উল্টো উচ্চবাচ্য শুরু করেন এবং মহানগর কমিটির শীর্ষ নেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন।
একপর্যায়ে সভাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাদের শান্ত হয়ে বসার অনুরোধ জানালেও তারা সেই নির্দেশ অমান্য করে সভাস্থল ত্যাগ করে চলে যান। এই আচরণকে চরম শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণ্য করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত করার প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন তাৎক্ষণিকভাবে উক্ত প্রস্তাব অনুমোদন করে রাজপাড়া থানা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন।
উক্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভায় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলুসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
১৩৮ বার পড়া হয়েছে