ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছে নৌকাবাইচ, সেপ্টেম্বরে জমজমাট আয়োজন
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে এই জমকালো উৎসব আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই নৌকা প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো. আবুসাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বিগত ২০২৪ ও ২০২৫ সালে নানা কারণে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে পারেনি। তবে এবার কোনো বিঘ্ন ছাড়াই উৎসবমুখর পরিবেশে এটি আয়োজনের জোর প্রস্তুতি চলছে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার নৌকাবাইচে অংশ নেওয়া বা দর্শকদের কোনো নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। একই সঙ্গে নৌকায় কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
সভায় বক্তব্য দেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি সাংস্কৃতিক ঐতিহ্যের শহর এবং এর কৃষ্টি ধরে রাখতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক মো. আবুসাঈদ সকলের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও আনন্দময় নৌকাবাইচ উপহার দেওয়া সম্ভব হবে।
১০৯ বার পড়া হয়েছে