রাঙামাটি ২ মাসের মধ্যে মাদকমুক্ত করার ঘোষণা এমপি দীপেনের
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটিকে আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সুধী সমাবেশে তিনি মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনি কঠোরতার ওপর জোর দেন। এ সময় প্রশাসনের কর্তাব্যক্তিরা মাদক প্রতিরোধে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
রাঙামাটি শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা পুলিশের উদ্যোগে ‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’ প্রতিপাদ্য নিয়ে এই মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল মাদক নির্মূল করা। মাদক কারবারিরা যাতে সহজে জামিন না পায়, সে লক্ষ্যে মাদক আইন সংশোধন করা হচ্ছে। মাদকের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় প্রভাব সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এমপি দীপেন দেওয়ান আরও বলেন, মাদক নির্মূল করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি কোনো আইনজীবী যেন মাদক ব্যবসায়ীদের পক্ষে জামিনের আবেদন না করেন, সে বিষয়ে আইনজীবী সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, মাদক প্রতিরোধ একটি বড় যুদ্ধ এবং এতে কেবল পুলিশের পক্ষে সফল হওয়া সম্ভব নয়। সমাজ থেকে মাদক নির্মূল করা গেলে অপরাধের হার অর্ধেক কমে যাবে বলে তিনি মন্তব্য করেন।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সেনা জোনের কমান্ডার লে কর্নেল একরামুল রাহাত এবং কমিউনিটি পুলিশের জেলা সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ। এছাড়া সমাবেশে ইমাম সমিতি, প্রেসক্লাব ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
১১৯ বার পড়া হয়েছে