সোনার দাম আবারও বাড়ল, ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় গহনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন নির্ধারিত দামে, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা করা হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল।
১৫ আগস্টের নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায়। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
শুধু সোনা নয়, একই সঙ্গে বেড়েছে রুপার গহনার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩০৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার দামও ২৩৩ টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৬৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে