তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন: প্রিন্স
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে মুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাত্র ১৮০ দিনে সঠিক পথে ফিরিয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দলটির প্রয়াত নেতা আব্দুল আজিজ খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান দেশবাসীর সহযোগিতায় একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলবেন। এ সময় তিনি প্রয়াত নেতা আব্দুল আজিজ খানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাকে অত্যন্ত ত্যাগী, কর্মীবান্ধব ও মানবিক নেতা হিসেবে অভিহিত করেন। বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এই নেতার অবদান দল চিরকাল স্মরণ রাখবে বলে তিনি উল্লেখ করেন।
স্মরণসভায় বক্তারা প্রয়াত নেতার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, দুঃসময়ে দলের পাশে থেকে আব্দুল আজিজ খান যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ও কাজী ফরিদ আহমেদ পলাশ।
আলোচনা সভা শেষে মরহুম আব্দুল আজিজ খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
১২৪ বার পড়া হয়েছে