মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রিপন মিয়া (৪৫)। জেলা পুলিশের কঠোর নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১২ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) লোকমান মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স মৌছামান্দ্রা এলাকার হাজী মোঃ নুরুজ্জামান খান লিটনের বাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান নেন। বিকেল পৌনে ছয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন রিপন মিয়াকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিপন মিয়া লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
লৌহজং থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদকের মতো অপরাধ দমনে জেলা পুলিশ কোনো ধরনের আপস করবে না এবং আগামীতে এই অভিযান আরও জোরদার করা হবে।
১১৩ বার পড়া হয়েছে