খাগড়াছড়ির নতুন আকর্ষণ: সবুজের মায়ায় মোড়ানো ভাইরাল ‘জুমপাহাড়’
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সবুজ পাহাড়ের বুকে গড়ে ওঠা ‘জুমপাহাড়’ এখন ভ্রমণপিপাসুদের নতুন পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাহাড়ের চোখ জুড়ানো রূপ ভাইরাল হওয়ার পর থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত পর্যটক। মেঘ আর পাহাড়ের মিতালির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আসা ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
পাহাড়ের ঢালে সবুজের সমারোহ এবং মাথার ওপর নীল আকাশের ভাসমান সাদা মেঘের মিতালি দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মূলত জুমচাষের সবুজ ধানক্ষেত এবং পাহাড়ের চূড়ায় থাকা ছোট্ট ছনের ঘরটিই এই পাহাড়ের মূল আকর্ষণ। দূর থেকে বাতাসে দুলতে থাকা ধানের চারাগুলোকে দেখলে মনে হয় যেন সবুজের এক বিশাল সমুদ্র ঢেউ খেলছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে স্থানীয় এক তরুণ জুমপাহাড়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা এখানে ছুটে আসতে শুরু করেন। দর্শনার্থীদের নিরাপত্তা এবং জুমখেতের ক্ষতি এড়াতে স্থানীয় যুবকদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে, যারা পুরো এলাকার শৃঙ্খলা বজায় রাখছেন।
পর্যটকদের জন্য এই পাহাড়ে প্রবেশের ক্ষেত্রে ৩০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই সংগৃহীত অর্থের একটি বড় অংশ দেওয়া হয় সংশ্লিষ্ট আদিবাসী জুমচাষি পরিবারকে এবং বাকি অংশ পাহাড়ের পরিবেশ সুরক্ষায় ব্যয় করা হয়। তবে পর্যটকদের অতিরিক্ত ভিড়ের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ও জুমখেতের ক্ষয়ক্ষতিের আশঙ্কায় স্থানীয় কিছু মানুষের মাঝে উদ্বেগও তৈরি হয়েছে।
খাগড়াছড়ি জেলা শহর থেকে লক্ষ্মীছড়ি বাজার হয়ে পশ্চিম জুর্গাছড়ি পৌঁছানোর পর প্রায় দুই কিলোমিটার মেঠোপথ পেরিয়ে এই জুমপাহাড়ে পৌঁছাতে হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, খুব শিগগিরই এই স্থানটি পরিদর্শন করে পর্যটনবান্ধব পরিবেশ ও স্থানীয়দের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
১৩৬ বার পড়া হয়েছে