বাংলাদেশে সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে জাতীয় সম্মেলনের উদ্বোধন
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর (বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স) সামিট-২০২৬’। শনিবার রাজধানীর নভোথিয়েটারে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও বায়োটেকনোলজি খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে এই সামিট।
শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন। পরে সকাল সোয়া ১১টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ এবং ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভারের যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, এআই ও রোবোটিক্স শিল্পের বর্তমান অবস্থান, দক্ষ জনবল তৈরি, দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্মেলনে সরকারের নীতিনির্ধারক, বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদরা অংশ নিয়েছেন।
সামিটে গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ‘বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬’। এতে ৩৫টি স্টলে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তারা সেমিকন্ডাক্টর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্য প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শন করছেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ, আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসআইএ সভাপতি এম এ জাব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং পারড্যু ইউনিভার্সিটির অধ্যাপক ও সিলিকন রিভার ইনিশিয়েটিভের প্রধান স্থপতি মুহাম্মদ মোস্তফা হুসাইন।
সামিটের দ্বিতীয় ও শেষ দিনে ২৬ জুলাই ‘ক্রিস্টে ফেলো রিসার্চ সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হবে। এতে দেশের তরুণ সেমিকন্ডাক্টর গবেষকেরা তাঁদের গবেষণা উপস্থাপন করবেন।
এ ছাড়া প্রকাশ করা হবে আটটি কৌশলগত জাতীয় দলিল। এসবের মধ্যে থাকবে সেমিকন্ডাক্টর সুপারিশমালা, ট্যালেন্ট রোডম্যাপ-২০৩০, ইকোসিস্টেম রোডম্যাপ, আন্তর্জাতিক অংশীদারিত্ব কাঠামো, ডিপ-টেক অগ্রাধিকার খাত এবং বাণিজ্যিকীকরণ কাঠামো।
আয়োজকদের মতে, এসব নীতিগত দলিল বাংলাদেশের সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১১৮ বার পড়া হয়েছে