আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজার, খাঁটি স্বর্ণ ও রুপার মূল্যবৃদ্ধিসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা বেড়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত এসব মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের নকশা, কারুকাজ ও প্রস্তুতপ্রণালির ওপর ভিত্তি করে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।
নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
১১১ বার পড়া হয়েছে