মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিকে তথ্য অধিকার ক্যাম্পেইন ও কুইজ অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে এক বিশেষ ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই সময়োপযোগী কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী তথ্য জানার আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
আজ ১৯ জুলাই মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে এই সচেতনতামূলক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। সনাক মুন্সীগঞ্জের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা দিনব্যাপী এই আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন। সকাল থেকেই পলিটেকনিক প্রাঙ্গণে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও ধারণাপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইনস্টিটিউটের হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক সদস্য শাহনাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সানজিদা শাহনাজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে এই আইন সম্পর্কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রকৌশলী তাসলিমা বেগম এবং আরএসি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর মো. রিয়াজ হোসেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে তথ্য অধিকার আইন চর্চার আহ্বান জানান। এরপর টিআইবি ও সনাক মুন্সীগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে অত্যন্ত সহজ ভাষায় তথ্য পাওয়ার আবেদন প্রক্রিয়াটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
উপস্থাপনা শেষে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ের ওপর একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুইজের সঠিক উত্তর দিয়ে আরএসি বিভাগের শিক্ষার্থী মো. আবিদ হাসান ভূঁইয়া প্রথম, মো. লিয়ন আলী দ্বিতীয় এবং সিএসটি বিভাগের শিক্ষার্থী হিমেল আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
৩৩৮ বার পড়া হয়েছে