পঞ্চগড়ে পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে বৃষ্টির মধ্যে জমিতে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহত দুই কৃষক হলেন দেবীগঞ্জ উপজেলার সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল ১১টার দিকে সোনাহার এলাকায় নিজের ফসলি জমিতে পাট কাটছিলেন মামুন ইসলাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময় দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় নিজের জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন কৃষক আকাব্বর খান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি এলাকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১২৮ বার পড়া হয়েছে