নড়াইলে ওয়ানশুটারগান ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী খবির গ্রেফতার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে ওয়ানশুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৬। গ্রেফতারকৃত খবিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। বুধবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অভিযানে খবির মোল্লাকে তার নিজ এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়। আটক খবির স্থানীয় কাউছার মোল্লার ছেলে।
অভিযান চলাকালীন আসামির হেফাজত থেকে একটি সচল ওয়ানশুটারগান, দুই রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রীস আলী গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত খবির মোল্যার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ রয়েছে। তার নামে কালিয়া থানাতেই একাধিক মামলা বিচারাধীন। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে