কুমিল্লায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারধরের শিকার হয়ে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা। তিনি মতিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা গোল হজম করার পর শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় তিনি কয়েকজন আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে শরিফুলকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) সংকর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ফুটবল খেলা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে