মুন্সীগঞ্জে ডিবির অভিযান: ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় ডিবি পুলিশের এক সফল অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের মাদকমুক্ত জেলা গড়ার বিশেষ নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ দল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ থানার ভিটি শিলমন্দি এলাকার মনার মসজিদ সংলগ্ন একটি মুদি দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে হাতে-নাতে আটক করা হয়। ধৃত ব্যক্তিরা হলেন—হালক্ষ্মীগঞ্জের মোঃ সিদ্দিক আলী (২৮), নতুনগাঁও এলাকার আব্দুল হান্নান (৪২), মোঃ কাউসার আহমেদ (৩২) এবং মোঃ ইয়াসিন মিয়া (৩০)।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য লাখ টাকারও বেশি। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
১২০ বার পড়া হয়েছে