কুমিল্লায় ইঞ্জিন বিকল ও ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেলপথে এক ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকায় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এক ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে দেশের অন্যতম ব্যস্ত এই রেলপথে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের অদূরে বুধবার সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে। একই সময়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস গুণবতী এলাকা অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার পথে ডাউন লাইনে চারটি বগি লাইনচ্যুত হয়।
ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তি বাড়ে।
লাকসাম জংশন স্টেশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দুটি লাইনের যেকোনো একটি সচল করা গেলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
নাঙ্গলকোট স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করার পর হাসানপুর এলাকার কাছে ইঞ্জিন বিকলের কারণে আটকা পড়ে।
এদিকে বিকল ইঞ্জিনের খবর পাওয়ার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে চলাচলের সময় মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী দল পৌঁছানোর পর বিকল ইঞ্জিন সরানো এবং লাইনচ্যুত বগিগুলো উদ্ধারকাজ শুরু হবে।
স্টেশন মাস্টার ওমর ফারুক আরও জানান, সোনার বাংলা এক্সপ্রেসের জন্য একটি সচল ইঞ্জিন চট্টগ্রাম থেকে পাঠানো হয়েছে। একই সঙ্গে মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত চারটি বগি রেখে বাকি অংশ লাকসামে নিয়ে আসার কাজ চলছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
১৪৯ বার পড়া হয়েছে