রাজশাহীতে ছেলের হাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে রাকিবুল করিম পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম (৬০) পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। তাঁর ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রাকিবুলের সঙ্গে তাঁর মা-বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন রাকিবুল ঘরে থাকা একটি ভারী বস্তু দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন।
এতে গুরুতর আহত হন রেজাউল করিম। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানায়।
ঘটনার পর অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে চন্দ্রিমা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
১১১ বার পড়া হয়েছে