চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের আম মেলা শুরু, প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৮৩ জাতের আম
শনিবার, ২০ জুন, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী আম মেলা। জেলার বিভিন্ন এলাকার বাগান থেকে সংগ্রহ করা দেশি-বিদেশি ১৮৩ জাতের আম একসঙ্গে প্রদর্শন করা হচ্ছে এই মেলায়। আমের বৈচিত্র্য, ঐতিহ্য এবং বিলুপ্তপ্রায় জাত সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।
আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী আম মেলা। বৃহস্পতিবার, ১৯ জুন জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হওয়া এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন এলাকার আমচাষি, উদ্যোক্তা ও কৃষি বিভাগের পক্ষ থেকে একাধিক স্টল বসানো হয়েছে। তবে মেলার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ‘আমের জাত প্রদর্শনী’ স্টল, যেখানে একসঙ্গে প্রদর্শন করা হচ্ছে ১৮৩ জাতের দেশি ও বিদেশি আম।
প্রদর্শিত আমের মধ্যে রয়েছে ছাব্বিশ হাজারী গুটি, চাষা বুলি, কিউজাই, কেইট, ব্রুনাই কিং, ঊষাপন্নি, দিলসাদ, জাদুজেম, শরবতি ও তোতাপুরিসহ নানা পরিচিত ও বিরল জাতের আম।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, এত বৈচিত্র্যময় আমের সমাহার তাঁরা আগে কখনো দেখেননি। অনেকেই বিভিন্ন জাতের আম সম্পর্কে নতুন তথ্য জানতে পারছেন এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে আমের বৈশিষ্ট্য ও চাষাবাদসংক্রান্ত পরামর্শ নিচ্ছেন। নানা বয়সী মানুষের উপস্থিতিতে মেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ থেকে আসা দর্শনার্থী ইয়াসিন আলী বলেন, এত ধরনের আম তিনি আগে কখনো দেখেননি। তাঁর মতে, চাঁপাইনবাবগঞ্জের আমের বৈচিত্র্য সত্যিই বিস্ময়কর।
স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, নিজ জেলার মানুষ হয়েও অনেক জাতের আমের নাম আগে শোনেননি। মেলায় এসে তিনি নতুন অনেক জাতের আমের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান বলেন, জেলার বিভিন্ন এলাকার পুরোনো ও নতুন বাগান থেকে এসব আম সংগ্রহ করা হয়েছে। প্রদর্শিত জাতগুলোর মধ্যে কিছু বিদেশি জাত থাকলেও অধিকাংশই দেশীয়। হারিয়ে যেতে বসা বিভিন্ন জাত সংরক্ষণ এবং মানুষের কাছে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, বর্তমানে জেলার বাণিজ্যিক বাগানগুলোতে সীমিত কয়েকটি জাতের আমের চাষ বেশি হলেও গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে অন্যান্য জাতের আম টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলার ঐতিহ্যবাহী আমচাষকে আরও সমৃদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে