মদনপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ জন দগ্ধ, ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের মদনপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আহত একজন পথচারী শিশু।
আহতরা হলেন—মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং পথচারী শিশু হযরত আলী (৮)। তাদের মধ্যে সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ এবং মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। পথচারী শিশুটি প্রায় ৮ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক আক্তার হোসেনের ছোট ভাই আসাদ সকালে দুর্ঘটনার খবর পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গণি জানান, বাসাটিতে গ্যাস সিলিন্ডার ও লাইনের গ্যাস—দুই ব্যবস্থাই ছিল। সকালে রান্নার সময় গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লাগলে বিস্ফোরণ ঘটে।
বন্দর থানার ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজকে দায়ী করা হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে