বাকৃবি প্রধান সড়কে অসংখ্য গর্ত, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও স্থানীয়রা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট এবং বাড়ছে যাতায়াত ব্যয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জব্বারের মোড় রেলক্রসিং থেকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বাকৃবি মিউজিয়াম হয়ে দিঘারকান্দা মেইন রোড পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
বুধবার (১১ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে এবং যানবাহনগুলো ধীরগতিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা শাখার ফটকের সামনে একটি মাইক্রোবাস গর্তে আটকে থাকতে দেখা যায়।
মাইক্রোবাস চালক বিল্লাল হোসেন বলেন, “দীর্ঘ সময় ধরে গাড়ি নিয়ে এখানে আটকে আছি। প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক ব্যবহার করলেও এখনো কার্যকর সংস্কার কাজ শুরু হয়নি।”
স্থানীয় বাসিন্দা আইনুল হক বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অন্তত সাময়িকভাবে গর্তগুলো ভরাট করা হলেও কিছুটা স্বস্তি মিলত।”
বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থী সালমা রাশমি জানান, বড় বড় গর্তের কারণে প্রায়ই যানজট তৈরি হয়। অনেক সময় কাদাপানি ছিটকে পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা ধরনের ভোগান্তি।
স্থানীয়দের দাবি, প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, স্টেডিয়াম, মিউজিয়াম এবং বিনার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই সড়কের আশপাশে অবস্থিত হওয়ায় দ্রুত সংস্কার জরুরি বলে মনে করছেন তারা।
জব্বারের মোড় এলাকার ব্যবসায়ীরা জানান, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয় না। ফলে গর্তগুলো আরও বড় হচ্ছে এবং প্রায়ই রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “বর্ষা মৌসুম শুরু হওয়ার পর গর্তগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে।”
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক মাহমুদ হাসান বলেন, “ক্যাম্পাসের পরিবেশ খুবই সুন্দর। তবে প্রধান সড়কের বেহাল অবস্থা দর্শনার্থীদের জন্য হতাশাজনক।”
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যস্ততার কারণে পরে এ বিষয়ে কথা বলবেন।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা দ্রুত স্থায়ী সংস্কারকাজ শুরুর মাধ্যমে সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন।
১১৮ বার পড়া হয়েছে