ঈদের ছুটির শেষ দিনে পর্যটকে মুখর কুয়াকাটা
রবিবার, ৩১ মে, ২০২৬ ৩:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈদের ছুটির শেষ দিনে পটুয়াখালীর জনপ্রিয় সমুদ্রসৈকত কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সৈকতজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বড় বড় ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার অনেকে প্রিয়জনের হাত ধরে সৈকতের সৌন্দর্য উপভোগ করেন।
রবিবার (৩১ মে) সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের তুলনায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে কুয়াকাটার হোটেল, মোটেল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সংশ্লিষ্টদের মতে, অধিকাংশ আবাসিক হোটেলের ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় পর্যটক সংকটের পর বর্তমানে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে। এতে ব্যবসায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। সৈকতসংলগ্ন ঝিনুক ও স্মারকপণ্যের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।
হোটেল ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটির শেষ দিকে পর্যটকের চাপ বেড়েছে। এর ফলে আবাসন খাতে ইতিবাচক প্রভাব পড়েছে। অনেক হোটেলের অধিকাংশ কক্ষই বুকড রয়েছে।
ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা জানান, পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় ভ্রমণ আরও সহজ হয়েছে। তবে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন বলে তারা মনে করেন। এছাড়া পর্যটন স্পটগুলোতে যাতায়াত সুবিধা বাড়ানোরও দাবি জানান তারা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, পর্যটকের সংখ্যা বৃদ্ধির ফলে স্থানীয় পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়ছে। তারা পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করছেন।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াকাটার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।
১৫৫ বার পড়া হয়েছে