গাজীপুরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন নামাজ
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাজীপুরে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বুধবার সকাল ৭টায় গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরি এলাকায় অবস্থিত দারুল ইরফান জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা ঈদ উৎসবের আমেজে ভরে ওঠে।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা নতুন পোশাকে ঈদের নামাজে অংশ নেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে এসে জামাতে শামিল হন। জামাত ঘিরে এলাকায় তৈরি হয় এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।
ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্ব পালন করেন জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা। স্থানীয় মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
জামাত শেষে খতিব ডা. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান বলেন, চাঁদ দেখার ওপর ভিত্তি করে এবং শরীয়তের বিধান অনুযায়ী তারা ঈদুল আজহা উদযাপন করছেন। তিনি সবাইকে পারস্পরিক বিভেদ ও হিংসা পরিহার করে সঠিক মাসআলা অনুযায়ী ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কেউ পরিবারের জন্য, কেউ দেশের শান্তি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করেন।
মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে পায়েস ও বিভিন্ন মিষ্টান্ন বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
এক মুসল্লি জানান, নতুন পাঞ্জাবি পরে পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে কোলাকুলি ও মিষ্টিমুখ করায় ঈদের আনন্দ আরও বেড়ে গেছে।
অন্যদিকে ঈদের জামাতে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন পোশাক পরে বাবা-মায়ের সঙ্গে ঈদগাহে এসে তারা উৎসবের আনন্দে মেতে ওঠে। নামাজ শেষে কোলাকুলি ও মিষ্টিমুখে ব্যস্ত সময় কাটায় ছোটরা।
নামাজ, দোয়া, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ঈদের সার্বিক আয়োজন।
১৭৭ বার পড়া হয়েছে