বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলের উদ্বোধন
সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চিরসবুজ ক্যাম্পাসে নয়নাভিরাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত “ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৮ মে (সোমবার) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আমেরিকান কলোনির স্মৃতিবিজড়িত মনোরম পরিবেশে বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে কনফারেন্স হলটির উদ্বোধন করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাভিদুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি’র আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ) মো. হুমায়ুন মিয়া। তিনি বাকৃবির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে পূবালী ব্যাংকের সম্পৃক্ততার কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি কনফারেন্স হলের জন্য দুটি ১০০ ইঞ্চি স্মার্ট টিভি ভাইস-চ্যান্সেলরের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, পশুপালন অনুষদের ডিন ও ডিন কনভেনর প্রফেসর ড. মো. রুহুল আমীন, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার এবং সোনালি দলের সভাপতি ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক প্রমুখ। বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এই কনফারেন্স হল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া পূবালী ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান, যারা বাকৃবির উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি বাউরেসের পরিচালক ও তাঁর টিমকেও ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এই ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের কনফারেন্স হলকে কেন্দ্র করে আরও প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন এবং তা আন্তর্জাতিক মানে উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি এই কনফারেন্স হলের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও শাখার পরিচালক ও প্রধান, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
১১৪ বার পড়া হয়েছে