টাঙ্গাইলে বিদেশফেরত নারী ও শিশুদের অধিকার বিষয়ক কর্মশালা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে বিদেশফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগর জালফৈস্থ এলাকার ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিয়া। তিনি বলেন, “বিদেশে যাওয়ার আগে ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। সঠিক প্রস্তুতি নিয়েই বিদেশ যাওয়া উচিত।”
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিদেশফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “নারী কর্মীদের বিদেশ যেতে সরকারি নিয়মে কোনো অর্থ লাগে না। কিন্তু অনেকেই স্থানীয় দালালদের প্ররোচনায় পড়ে অর্থ লেনদেন করেন। এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।” তিনি জানান, সরকার অনুমোদিত প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে বিদেশগামী ও বিদেশফেরতদের বিভিন্ন সেবা নিশ্চিত করা হচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগম বলেন, বিদেশফেরত অভিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দেশে ফিরে স্বাবলম্বী হতে পারেন।
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সরকার হাসান ওয়াইজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের টেকনিক্যাল এক্সপার্ট (রেফারেল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) সাবিনা সাঈদ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, টেকসই পুনরেকত্রীকরণ এবং বিদেশফেরতদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্প বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১২৩ বার পড়া হয়েছে