কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করে হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা অনুপস্থিতি, ছুটির অনুমোদনের অসঙ্গতি এবং সেবা ব্যবস্থার নানা ঘাটতি প্রকাশ পায়।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম চলার সময় হঠাৎ মন্ত্রী একটি সাদা গাড়ি এবং পুলিশ প্রটোকলসহ হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। হাসপাতালে ঢুকেই তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসের অবস্থান জানতে চান। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ অনুপস্থিত থাকায় মন্ত্রী উপস্থিতদের কাছে তথ্য জানতে চেষ্টা করেন। পরে একজন দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যানবিদ জানান, কর্মকর্তা ছুটিতে রয়েছেন।
মন্ত্রী ছুটির আবেদনপত্র দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ একটি স্ক্যান কপি দেখায়, তবে এতে জেলা সিভিল সার্জনের অনুমোদন ছিল না। এরপর মন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতা যাচাই করেন। চারজন চিকিৎসক অনুপস্থিত থাকলেও তাদের কেউ ছুটির আবেদনপত্র দাখিল করেননি। খবর পেয়ে কয়েকজন চিকিৎসক তড়িঘড়ি করে হাসপাতালে উপস্থিত হন। পরে ডা. রেজওয়ানা রশিদও হাসপাতালে এসে উপস্থিত হয়ে বিষয়টি স্পষ্ট করেন।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি দেখেন, ওয়াশরুমে হ্যান্ডওয়াশ বা সাবানের ব্যবস্থা নেই। বাজেট থাকা সত্ত্বেও কেন এই ব্যবস্থা নেই, তা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগও মন্ত্রী নোট করেন। এছাড়া হাসপাতালের কর্মচারীদের দাবি-দাওয়াও তিনি গ্রহণ করেন।
মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, দেশের সরকারি হাসপাতালগুলোতে আগাম জানিয়ে পরিদর্শন করা হবে না। হঠাৎ সফর করে অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, হাসপাতালের কর্মীরা সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং ঢাকায় বসবাস করে মফস্বলের হাসপাতালে চাকরির সুযোগ থাকবে না। প্রয়োজনে কর্মস্থলের কাছাকাছি থেকেও দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল গাজীপুর জেলার পার্শ্ববর্তী নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য।
১২২ বার পড়া হয়েছে