সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৪:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে ডিজেলের সঙ্কট দেখা দিয়েছে। ইতোমধ্যে সিলেটের ৮০ ভাগ পাম্পে ডিজেল ফুরিয়ে এসেছে। এছাড়া পেট্রোল অকটেনও অনেক পাম্পে মিলছে না।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানী তেলের দাম বেড়ে যেতে পারে এমন শঙ্কায় বৃহস্পতিবার রাত থেকে সিলেটের পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এতে তৈরি হয়েছে তেলের সঙ্কট।
বিক্রেতারা জানাচ্ছেন, রোববার ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হবে। ফলে সোমবার থেকে এই দুই জ্বালানীর বাজার স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে ডিজেল নিয়ে তারা শংকিত।
তবে বিক্রেতারা বলছেন, চলতি মাসে জ্বালানী তেলের দাম বাড়ার শঙ্কা নেই। তাই অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিক্রেতাদের আশ্বাসে ভরসা রাখছেন না ক্রেতারা। শনিবারও সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে মোটরসাইকেল চালকদের মধ্যে। পেট্রোল ও অকটেনের জন্য ভিড় করায় অনেক পাম্পে মজুদ ফুরিয়ে গেছে। নগরের কয়েকটি পাম্পে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছে। ৮০ ভাগ পাম্পে ডিজেল পাওয়া যাচ্ছে না।
নগরের কদমতলী এলাকার সুলেমান বক্স ফিলিং স্টেশনে দেখা গেছে, শনিবার সকাল থেকে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছে। পাম্পের সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের অতিরিক্ত চাপের কারণে শুক্রবার রাতেই পেট্রোল ও অকটেনের মজুদ শেষ হয়ে গেছে।
তিনি আরও জানান, শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকে। রোববার ডিপো থেকে তেল সরবরাহ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
শনিবার সিলেটের বেশিরভাগ পাম্পে মোটরসাইকেলের জন্য ২০০ টাকার বেশি পেট্রোল বা অকটেন বিক্রি করা হচ্ছে না।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানিয়েছেন, সিলেটের ৮০ ভাগ পাম্পে ডিজেল ফুরিয়ে গেছে। পেট্রোল ও অকটেনের মজুদও বেশিরভাগ পাম্পে ফুরিয়ে গেছে।
তিনি বলেন, শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকবে। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে গ্রাহকদের চাপ বেড়েছে। তাই পেট্রোল ও অকটেন ফুরিয়ে গেছে। আশা করি রোববার ডিপো থেকে সরবরাহ করা হলে সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
তবে ডিজেল নিয়ে আমরাও শংকিত। কারণ সিলেটের গ্যসি ফিল্ড থেকেই উপজাত হিসেবে পেট্রোল ও অকটেন পাওয়া যায়। আর ডিজেল আমদানি করতে হয়। তাই দেশে ডিজেলের কী পরিমাণ মজুদ আছে তা আমরা নিশ্চিত নই।
তিনি আরও বলেন, হুমড়ি খেয়ে সবাই যদি একসঙ্গে বেশি পরিমাণে তেল নিতে যান, তাহলে সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে। এজন্য অপ্রয়োজনীয় মজুদ না করে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান তিনি।
সিলেট বিভাগীয় ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ জানিয়েছেন, পেট্রোল পাম্প মালিকরা ইচ্ছাকৃতভাবে ডিজেলের সঙ্কট তৈরি করেছেন।
তিনি বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল রয়েছে। কিন্তু তারা চাহিদা অনুযায়ী বিক্রি করছেন না। মজুদ করে রাখছেন, পরে বাড়তি দামে বিক্রি করার জন্য।
শাব্বির বলেন, আমার গাড়ির জন্য যেখানে ৪০ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে ২০ লিটারও পাচ্ছি না।
১০৮ বার পড়া হয়েছে