পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি নৈশ্যকোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও তার এক মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও আরেক শিশু।
দেবীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৬) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। আহতদের মধ্যে রয়েছেন মমতার আরেক মেয়ে মোবাসসিরা (৫) এবং তার ভাগিনা মনিরুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, মমতা বেগম তার বাবার বাড়ি সোনাহার গজপুরী গ্রামে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ভাগিনা মনিরুল ইসলামের মোটরসাইকেলে করে দুই জমজ মেয়েকে নিয়ে দেবীগঞ্জ কলেজপাড়ার বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে নতুনবন্দর এলাকায় ঢাকাগামী নৈশ্যকোচ “নাদের পরিবহন” এর সঙ্গে তাদের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার মেয়ে মুনতাহা নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাস ও চালককে আটক করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
৩১০ বার পড়া হয়েছে