ফরিদপুরে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর পৌরসদরে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার দুপুরে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় সড়ক নির্মাণকাজ চলছিল। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ অভিযোগ তুলে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ৩৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৩৮৮ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি করছে সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মির্জা কনস্ট্রাকশন। নির্মাণকাজের তদারকিতে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা মুরাদ শেখ। প্রায় তিন মাস আগে প্রকল্পটির কাজ শুরু হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শামিম হোসেন অভিযোগ করেন, সড়কে ব্যবহৃত ব্লকে নিম্নমানের উপাদান রয়েছে। নির্ধারিত ৬ ইঞ্চি পুরুত্বের (এসএ) পরিবর্তে ব্লকের পুরুত্ব মাত্র ৩ ইঞ্চি। এছাড়া পলিথিন ও ময়লা মিশ্রিত মাটি এবং নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এদিকে স্থানীয়দের উত্তেজনার খবর পেয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে সঠিক তদন্তের আশ্বাস দিলে তারা শান্ত হন।
নির্মাণকাজের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. লাইজিং হোসেন রাজু বলেন, কাজে কিছু অনিয়ম হয়েছে বলে তিনিও দেখেছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক পরিচয় দিয়ে একটি গ্রুপ টাকা দাবি করেছে বলে শুনেছেন।
পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সোহরাব হোসেন বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৫৯ বার পড়া হয়েছে