গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গফরগাঁওে যোহরের নামাজ শেষে অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন মহিউদ্দিন শেখ (৫৯)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলার পৌর শহরের শিলাসী এলাকার কাদের কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন শেখ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল বাছেদের ছেলে।
পুলিশ জানায়, মহিউদ্দিন শেখ স্থানীয় একটি মসজিদে যোহরের নামাজ আদায় করে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৫০ বার পড়া হয়েছে