খুলনায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, উত্তেজনা নগরজুড়ে
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন পর রবিবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পর রবিবার দুপুরে দলটির কয়েকজন নেতাকর্মী নগরীর শঙ্খ মার্কেট এলাকার কার্যালয়ে প্রবেশ করেন। তারা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে মাল্যদান করেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
সন্ধ্যার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শঙ্খ মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিস আসার আগেই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিকেলে কার্যালয় খোলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সে সময় কার্যালয় তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কার্যালয় খুলে প্রবেশকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর শাখা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে এ ধরনের কর্মকাণ্ড উসকানিমূলক ও পরিকল্পিত।
অন্যদিকে সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, দলীয় কার্যালয়ে যাওয়া একটি দলের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক হিসেবে সেই অধিকার সবার রয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৩০ বার পড়া হয়েছে