রোজায় বাজারদর স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে সভা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ।
সভায় বক্তারা বলেন, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ব্যবসায়ী, প্রশাসন ও ভোক্তাদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। তারা কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও দূষণ প্রতিরোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, রমজানকে কেন্দ্র করে যেন কোনো অসাধু চক্র বাজার অস্থিতিশীল করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় আরও উল্লেখ করা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। বাজারে কোনো ধরনের অনিয়ম দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় চেম্বারের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৫৬ বার পড়া হয়েছে