ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে, কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে ভোটের প্রস্তুতি এখন শেষ ধাপে। ইতোমধ্যে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরে সব কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে। রাজধানী ও বড় শহরগুলোতে এসব সরঞ্জাম পৌঁছানো হবে সন্ধ্যার মধ্যেই।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারে ভোট দেবেন। সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের ভোট এবং গোলাপি ব্যালটে গণভোটের ভোট গ্রহণ করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম জানান, নির্বাচন ঘিরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে-কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স। তিনি বলেন, “নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার যে নির্বাচন ব্যাহত করার শক্তি কারও নেই। বিচ্ছিন্ন অপরাধ ঘটতে পারে, তবে ভোটগ্রহণে কোনো প্রভাব ফেলতে পারবে না।”
এদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে সারাদেশে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
সবমিলিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১২০ বার পড়া হয়েছে