উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
শুক্রবার, ২৩ মে, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকে গৃহীত পাঁচটি সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষাসামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়।
সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপস্থাপনায় বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে দফাওয়ারীভাবে মতামত প্রদান করতে হবে, যাতে সুপারিশগুলোর বাস্তবায়নযোগ্যতা, সম্ভাব্য সময়সীমা এবং প্রভাব মূল্যায়ন করে উপদেষ্টা পরিষদের সামনে তা উপস্থাপন করা যায়। এ সংক্রান্ত সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৈঠকে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনও দেওয়া হয়। এ খসড়াটিও ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদিত হয়েছে।
সবশেষে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয় এবং ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন পায়।
৪৬১ বার পড়া হয়েছে